পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একাডেমিক ভবন-২ এ লিফট সংকট ও নিয়মিত লিফট বিকল থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ভবনটিতে তিনটি লিফট থাকলেও অধিকাংশ সময়ই একটি লিফট বন্ধ থাকে। আবার প্রায়ই একসঙ্গে দুইটি লিফট অচল হয়ে পড়ায় দুর্ভোগ আরও তীব্র হচ্ছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ভবনটির তিনটি লিফটের মধ্যে দুইটি বন্ধ থাকায় সচল একটি লিফটের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। ফলে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশ নিতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ একটি ১২ তলা ভবন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিতভাবে বিভিন্ন তলায় যাতায়াত করতে হয়। স্বাভাবিকভাবে ভবনটির জন্য অন্তত ছয়টি লিফট প্রয়োজন হলেও বর্তমানে সেখানে রয়েছে মাত্র তিনটি। এর মধ্যেও অধিকাংশ সময় এক বা একাধিক লিফট বন্ধ থাকায় বিদ্যমান লিফট সুবিধাও কার্যত অপ্রতুল হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, ক্লাসের নির্ধারিত সময়ে ভবনে এসে লিফটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় লিফটে জায়গা না পেয়ে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে উঁচু তলার বিভাগগুলোতে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি ভোগান্তির সৃষ্টি করছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
শিক্ষার্থীদের অভিযোগ, লিফট বিকল হওয়ার ঘটনা নতুন নয়। নিয়মিতভাবে লিফট বন্ধ থাকলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সাময়িকভাবে লিফট সচল করা হলেও কিছুদিন পর আবার একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, বিদ্যমান লিফটগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় আনতে হবে। একই সঙ্গে লিফট বিকল হলে দ্রুত মেরামতের ব্যবস্থা করে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে হবে।
