জাবির শহিদ ফেলানী খাতুন হলে ‘সীরাতের অনুরণন’ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ফেলানী খাতুন হল সংসদের উদ্যোগে ‘সীরাতের অনুরণন’ শীর্ষক সীরাতে রাসূল (সা.) এর সুরভিত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হলের কমনরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি এবং তাঁর আদর্শ অনুসরণের অনুপ্রেরণা দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, নাশিদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা। পাশাপাশি রাসূলুল্লাহ (সা.) এর জীবন ও আদর্শকে কেন্দ্র করে র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সীরাতভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তিনজন বিজয়ী হন।

আয়োজনের অংশ হিসেবে ‘মা‘আল মুস্তফা’ সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে বইটি পাঠ সম্পন্ন করা ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাহভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন, সুন্নাহ কর্নার ও ক্যালিগ্রাফি কর্নার। সুন্নাহ কর্নারে রাসূল ﷺ-এর প্রিয় খাবার ও ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের মাধ্যমে তাঁর জীবনাচরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শহিদ ফেলানী খাতুন হল সংসদের সহ-সভাপতি শারমিন খাতুন বলেন, “সীরাত শুধু জানার বিষয় নয়, এটি জীবন গড়ার পথনির্দেশ। রাসূলুল্লাহ (সা.) এর জীবনে উত্তম চরিত্র, ন্যায়বোধ, সহমর্মিতা ও দায়িত্বশীলতার যে দৃষ্টান্ত রয়েছে, তা আমাদের ব্যক্তিজীবনে অনুসরণ করা প্রয়োজন। বিশেষ করে তরুণদের মূল্যবোধ ও নৈতিকতা গঠনে সীরাতচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

হল সংসদের সাধারণ সম্পাদক মেহনাজ মোহনা বলেন, “শিক্ষার্থীদের মাঝে সীরাতচর্চার আগ্রহ তৈরি করতেই পাঠ প্রতিযোগিতা, কুইজ, সুন্নাহ কর্নার ও ক্যালিগ্রাফিসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আমাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রাসূল (সা.)এর জীবন ও সুন্নাহ সম্পর্কে আরও জানার এবং তা অনুসরণের অনুপ্রেরণা লাভ করবে।”

আয়োজনের শেষাংশে সীরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নাস্তা ও বিশেষ বুকমার্ক বিতরণ করা হয়।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন