হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২৪৫ জন। সব মিলিয়ে এই এক দিনে হাম ও এর উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৬ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৩ জন।
চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৪৮টি শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ১ হাজার ৪৮ শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫। এই সময়ে মোট ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।