২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
খুলনার একসময়ের ত্রাস শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। পরিচয় গোপন করে এতদিন ভারত ও কুয়েতে পালিয়ে ছিলেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তার হওয়া ৫৫ বছর বয়সী জয়নাল সরদারের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত জয়নাল সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিলেন। এ ছাড়া লাশ গুমের অভিযোগে তাকে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার বিচার কাজ চলাকালীন শুরু থেকেই তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত জয়নালকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।