জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের রূপরেখা গ্রহণের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমরা অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের রূপকল্প গ্রহণ করতে চাই।”
তিনি বলেন, প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের সেবাপ্রাপ্তি সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিরসন করে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দক্ষ ও যোগ্য জনবলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য।
বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বাড়ানোর বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাষা কেন্দ্রকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে স্পষ্ট লক্ষ্য ও গুণগত ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের কথাও জানান তিনি।
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান উপাচার্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. শামীম কায়সার। তিনি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান সুদৃঢ় করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত প্রাসঙ্গিক তথ্য ও কার্যক্রম তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বিভিন্ন বিভাগের সঙ্গে সরকারি দপ্তরগুলোর যৌথ কার্যক্রম, শিক্ষার্থীদের লিঙ্গভিত্তিক অনুপাত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সচিত্র প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী ও অনন্য আয়োজনের সচিত্র সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতার তথ্য ওয়েবসাইটে প্রকাশের ওপরও গুরুত্ব দেন।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ তাঁর উপস্থাপনায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা এবং সমঝোতা স্মারকের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন প্রচারমাধ্যমে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা জানান। একই সঙ্গে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন ও প্রয়োজনীয় প্রস্তুতি, বিভাগগুলোর বিস্তারিত কোর্স ক্যাটালগ এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নির্মিত প্রামাণ্যচিত্র প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।