টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ ১২০১–১৪০০ ব্যান্ডে অবস্থান করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালে স্কোরের ব্যান্ড ছিল ২৩.৩–৩০.৮, যা ২০২৭ সালে বেড়ে ৩০.৫–৩৩.২-এ দাঁড়িয়েছে। ব্যান্ডের মধ্যবিন্দু বিবেচনায় অগ্রগতি প্রায় ৪.৮ পয়েন্ট।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শিক্ষাদানে ১.৫, গবেষণা পরিবেশে ১.৬ এবং গবেষণার মানে ১.৮ পয়েন্ট উন্নতি হয়েছে। তবে শিল্প সম্পৃক্ততায় ০.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ২.৮ পয়েন্ট কমেছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, গতবারের তুলনায় এবার মাভাবিপ্রবির তিনটি সূচকে অগ্রগতি হয়েছে এবং সামগ্রিক স্কোর প্রায় পাঁচ পয়েন্ট বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ অব্যাহত থাকবে।
উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সবার। আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষাদান ও গবেষণার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান জানান, সিমাগো র্যাঙ্কিং-২০২৬-এ গবেষণা ও উদ্ভাবনে মাভাবিপ্রবি দেশে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া গবেষণার মান, উদ্ধৃতি ও শিক্ষকপ্রতি গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।