জাবির টিএসসিতে ছাত্রী ওয়াশরুমের বেহাল অবস্থা, সংস্কারের নির্দেশ উপাচার্যের

জাবির টিএসসিতে ছাত্রী ওয়াশরুমের বেহাল অবস্থা, সংস্কারের নির্দেশ উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাত্রীদের ওয়াশরুমের বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ সময় তিনি ন্যূনতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে ওয়াশরুমটি নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপাচার্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাত্রীদের ওয়াশরুমটি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাত্রীদের ওয়াশরুমের বেহাল দশা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি সরেজমিনে দেখতে আজ সকালে সেখানে যান উপাচার্য। পরিদর্শনকালে তিনি ওয়াশরুমটির বেহাল অবস্থা প্রত্যক্ষ করেন।

পরিদর্শন শেষে উপাচার্য কার্যালয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের অফিস প্রধানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমুল আলম এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীকে ন্যূনতম সময়ের মধ্যে ওয়াশরুমটির প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন