সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় সতর্কবার্তা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সংগঠনগুলোকে লক্ষ্য করে অবমাননাকর ও সাইবার বুলিংমূলক পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
এতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন নিবন্ধিত সংগঠনের পক্ষ থেকে প্রক্টর বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে। বিভিন্ন অননুমোদিত ও ভেরিফায়েড নয়—এমন পেজের মাধ্যমে তাদের সাইবার বুলিং করা হচ্ছে। এ কারণে আমরা প্রাথমিকভাবে একটি নোটিশ জারি করেছি।’
তিনি আরও বলেন, ‘এরপরও পেজগুলো এ ধরনের কার্যক্রম চালিয়ে গেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’