চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত ২২ বছরের মধ্যে এবারই এইচএসসিতে সবচেয়ে কম পাসের রেকর্ড হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়ে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এবারের ৫২ দশমিক ১২ শতাংশ পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০০৪ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কখনো পাসের হার এতটা নিচে নামেনি।
উল্লেখ্য, গত ২ জুলাই ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের নির্ধারিত সময়ে শেষ হওয়া লিখিত পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। পরবর্তীতে সেই স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন করার পর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করা হয়।