নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আর্টেক্স কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’। শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সন্ধান চত্বরে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘হেমন্তের আঙিনায়, নতুন স্বপ্নের তাসে!’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য ছিল সৃজনশীলতা, সংগীত ও আড্ডার সমন্বয়ে নানা আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে স্মরণীয় করে তোলা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৃজনশীল চর্চার পরিবেশ গড়ে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে আয়োজন করা হয় তিনটি বিশেষ পর্ব—আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা, ‘গানে গুঞ্জনে’ ও ‘আয়েশী বৈঠক’। গ্রাফিতি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের শিল্পসত্তা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান। অন্যদিকে, ‘গানে গুঞ্জনে’ পর্বে সংগীত পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলা হয়। পাশাপাশি ‘আয়েশী বৈঠক’ পর্বে পরিচিতি ও আড্ডার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নতুন বন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ।
আয়োজনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া স্বাগতবার্তায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে নতুন সম্ভাবনা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি প্রচলিত গণ্ডি পেরিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করা এবং সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন গল্প রচনার আহ্বান জানানো হয়।
এবিষয়ে আর্টেক্সের লিডার তামিম হোসেন বলেন, “বুটেক্সে বর্ণিল পরিবেশে সম্পন্ন হলো আর্টেক্স ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’। এতে ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে নিজ নিজ বিভাগের বৈশিষ্ট্য ও কার্যক্রম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।”
তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং গ্রাফিতির মাধ্যমে পুরো ক্যাম্পাসকে এক নজরে চেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।”
আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।