স্বেচ্ছাসেবক দল নেতাকে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি
পটুয়াখালীর মির্জাগঞ্জে কথা কাটাকাটির জেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইলিয়াসকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাজমুল মৃধার বিরুদ্ধে।
এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা। গত সোমবার (২৫ মে) পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় এই জিডি করা হয়।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাড়িতে স্যানিটারী কাজের জন্য ৪-৫ দিন আগে ইলিয়াসের চাচা মো. ইউনুস সিকদারের (৪৮) সাথে কথা হয়। সোমবার ওই বাড়িতে কাজে যাওয়ার কথা থাকলেও অন্য একটি জায়গায় কাজ শেষ না হওয়ায় ইউনুস সিকদার সেখানে যেতে পারেননি।
এই বিষয়টিকে কেন্দ্র করে সোমবার বিকেলে নাজমুল মৃধা মোবাইল ফোনের মাধ্যমে ইউনুস সিকদারকে কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে নাজমুল মৃধা তাকে গালিগালাজ ও হুমকি দেন।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ভাতিজা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইলিয়াস সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নাজমুল মৃধাকে ফোন করে তার চাচাকে গালিগালাজ করার কারণ জানতে চান। এতে ছাত্রদল নেতা নাজমুল মৃধা আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং মোবাইল ফোনেই ইলিয়াসকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইলিয়াস জিডিতে উল্লেখ করেন, নাজমুল মৃধার এমন আচরণ ও হুমকির কারণে তিনি এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে তিনি থানায় এই সাধারণ ডায়েরিটি করেছেন।
