চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নারীসহ নিহত ৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নারীসহ নিহত ৬
প্রতীকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নারীসহ নিহত ৬

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলায় তিনজন এবং সদর ও নাচোল উপজেলায় একজন করে মোট তিনজন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার মাহমুদা বেগম (১৯), সাহিদা খাতুন (১৬) ও মেসবাউল (১৪) এবং নাচোল উপজেলার সুমি আরা (৪০) ও হাসান আলী (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় শিবগঞ্জের বিভিন্ন এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে তিনজনের প্রাণহানি ঘটে। এছাড়া সদর উপজেলায় গরু আনতে গিয়ে মাঠে বজ্রপাতের শিকার হন কিশোর আব্দুল্লাহ।

এদিকে নাচোল উপজেলায় মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে সুমি আরার মৃত্যু হয় এবং তার স্বামী আব্দুর রাকিব গুরুতর আহত হন। একই উপজেলার হাসান আলী আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

থানা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবগঞ্জে নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া সদর ও নাচোল উপজেলায় নিহতদের পরিবারকেও সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানিয়েছেন।