হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬১০জন শিশুর মৃত্যু হলো। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে ল্যাব টেস্টে হামে আক্রান্ত নিশ্চিত হয়ে মৃত্যুর সংখ্যা ৯১ জন এবং হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।
বর্তমানে হামের সংক্রমণের চিত্র বেশ ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫০৩ জন। একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে হামের প্রাথমিক ও তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৬৮ জন শিশু। ফলে দেশে মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
শিশুদের মধ্যে হামের এই দ্রুত ছড়িয়ে পড়া রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, কোনো শিশুর শরীরে হামের সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।