জাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত: পুনর্বিবেচনায় ১৬ ছাত্রলীগ নেতার শাস্তি মওকুফ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্ত ছাত্রলীগের ১৮৯ নেতাকর্মীর মধ্যে ৪৩ জন শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ জনকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ২০ জনের শাস্তির মেয়াদ কমানো হয়েছে এবং ৭ জনের ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. বি. এম. আজিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজীবন বহিষ্কারের দণ্ডপ্রাপ্ত ২১ জন পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ৮ জনের শাস্তি কমিয়ে দুই বছর এবং ৫ জনের শাস্তি কমিয়ে এক বছর করা হয়েছে। বাকি ৩ জনের শাস্তি বহাল রয়েছে।
দুই বছরের বহিষ্কারাদেশ পাওয়া ৮ শিক্ষার্থীর মধ্যে ৬ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য দুজনের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এদিকে সনদ বাতিল হওয়া ১২ শিক্ষার্থীও পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশিষ্টদের মধ্যে ৪ জনকে এক বছর এবং ৩ জনকে দুই বছরের শাস্তি দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় আবেদনগুলো পৃথকভাবে পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গ্রহণ ক৯রা হয়।
