জাবিপ্রবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
রোববার (২১ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাখার নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় শাখা সেক্রেটারি ফাহাদ আহমদ বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একজন সচেতন শিক্ষার্থী শুধু জ্ঞানচর্চায় নয়, সমাজ ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।”
তিনি আরও বলেন, “প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।”
কর্মসূচি শেষে নেতাকর্মীরা ভবিষ্যতেও ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।