ইবিতে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহা. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
শনিবার (২৭ জুন) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের তৃতীয় তলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, “মেহেরপুর বিশ্ববিদ্যালয় একজন যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ উপাচার্য পেয়েছে। আশা করি, তাঁর নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।”
সহযোগিতার বিষয়ে উপাচার্য বলেন, “মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করা হবে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক কোলাবোরেশন প্রতিষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
এছাড়া উপাচার্য আরও বলেন, “আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে একজন শিক্ষক একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর হিসেবে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে বিভাগের জন্য বড় অর্জন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
অনুষ্ঠানের সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, “তোজাম্মেল স্যার চলে যাওয়ার পর ডিপার্টমেন্টে একটা শূন্যতা কাজ করবে। ডিপার্টমেন্টে স্যারের মতো একজন মানুষের চাহিদা তৈরি হবে।”
উল্লেখ্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক।
