৪৩তম সিনেটে জাবির ৭ম সমাবর্তনের ঘোষণা উপাচার্যের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপাচার্য বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে সিনেট সদস্যদের মতামত, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।
তিনি জানান, সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
