রাবিতে রাকসু গেমসের ক্রিকেট পর্বের সমাপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট পর্ব শেষ হয়েছে। পুরুষ বিভাগে শহীদ জিয়াউর রহমান হল এবং নারী বিভাগে বেগম খালেদা জিয়া হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাকসু এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম নিজের স্মৃতি চারণ করে বলেন, ‘খেলার মাঠের সঙ্গে আমার পুরোনো স্মৃতি জড়িয়ে আছে। ব্যাংকিং পেশার শুরুর দিনগুলোয় আমি ঢাকায় এবি ব্যাংকের হয়ে অফিস লীগে অংশ নিয়েছি। স্টেডিয়ামের সবুজ ঘাসে পা রাখলেই আমার মন ভালো হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সফল হয়েছে। মাঠের উন্নয়ন ও স্টেডিয়াম সংস্কারে আমরা সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। আগামীতেও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সব ধরনের সহযোগিতা থাকবে।’
সভাপতির বক্তব্যে রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন বলেন, ‘সবাই অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা শেষ করেছে, আয়োজক হিসেবে এটাই আমাদের বড় পাওয়া। বাজেট এখনো হাতে না পেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রাধ্যক্ষ এবং শারীরিক শিক্ষা বিভাগের আন্তরিক সহযোগিতার কারণেই এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। আশা করি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’
সমাপনী বক্তব্যে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাফিজুর রহমান জাহিদ বলেন, ‘ আমরা শিক্ষার্থীদের ইশতেহার অনুযায়ী কাজ করছি। আমাদের মেয়াদের আর চার মাস বাকি আছে। এরই মধ্যে ক্রীড়া বিভাগ তাদের সিংহভাগ কাজ শেষ করেছে। প্রাধ্যক্ষরা সহযোগিতা করলে বাকি কাজগুলোও শতভাগ সম্পন্ন করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম, বিভিন্ন হল প্রাধক্ষ্য রাকসু নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে রাকসু গেমসের আনুষ্ঠানিক উদ্ধোধন হয়। এতে ছেলেদের ১১ হল ও মেয়েদের ৬ হল অংশ নেয়।
