মাভাবিপ্রবিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সংঘর্ষ, প্রক্টরসহ আহত- ১০
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে তা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস আহত হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সংঘর্ষে গুরুতর আহত এফটিএনএস বিভাগের শিক্ষার্থী শামীমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
