রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে শতাধিক নারী শিক্ষার্থীর হাতে সনদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে আয়োজিত সাত দিনব্যাপী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সিডিডিসি সেমিনার কক্ষে বহ্নিশিখা রাবি শাখার “বলীয়ান নারী” প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহ্নিশিখা রাবি শাখার সভাপতি তুহিনা। প্রধান আলোচক ছিলেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা আলমগীর কবির। তিনি বলেন, ‘বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মবিশ্বাস ও আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোছা. মর্জিনা বেগম, অধ্যাপক ড. মোছা. ফৌজিয়া এদিব ফ্লোরা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান।
বক্তারা নারী সুরক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আত্মরক্ষার দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব ও আব্দুর রহিম, প্রশিক্ষক রাইয়া আমীন, গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ ইসলাম ও সাধারণ সম্পাদক ইরফান মণ্ডল।
এছাড়া বহ্নিশিখা রাবি শাখার সহসভাপতি সাজিদা সুফিয়া, গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ ও ইডেন কলেজ শাখার সদস্য এবং প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী নারী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।