মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রোমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম’-এর তৃতীয় পর্ব অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত ও কার্যকরভাবে খাপ খাইয়ে নিতে আয়োজিত চার দিনব্যাপী ‘Student Grooming and University Adaptation Program’-এর তৃতীয় দিনের কার্যক্রম সোমবার (২০ জুলাই) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) শুরু হওয়া এ কর্মসূচির তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
দিনব্যাপী কর্মসূচিতে “Communicate with Confidence” এবং “Future Ready: Opportunities Beyond the Classroom” শীর্ষক দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়।
এসব সেশনে শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ দক্ষতা, ইংরেজিতে একাডেমিক ও পেশাগত যোগাযোগ, আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার, সাইবার নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন, উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, ইন্টার্নশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেকে প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেশনগুলো পরিচালনা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বাংলাদেশের Head of Communications ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ মো. আব্দুল কাইয়ুম, Quazi Consultants-এর প্রধান পরামর্শক (Lead Consultant) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কাজী এম. আহমেদ, এবং বিশিষ্ট ব্যবস্থাপনা পরামর্শক, মাস্টার ট্রেইনার, করপোরেট কোচ ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফেরদৌসুর রহমান (ফেরদৌস বাপ্পী)।
প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতা, অংশগ্রহণমূলক আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। সেশনগুলোতে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চার দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা লাভ করবে, যা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে সফলভাবে মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।