রাবি শিক্ষার্থীকে মারধর, রাজশাহীতে রেলপথ অবরোধ
রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে লাঞ্ছনা ও মারধরের অভিযোগে ট্রেন অবরোধ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় থেকে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে বাংলাদেশের সকল ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সহপাঠীদের দাবি, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের ঘটনা দেখে তিনি প্রতিবাদ করেন। এ সময় টিটিদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের ভাষ্য, ঘটনাটি সোমবার (২০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঘটে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে তিনি মারধরের অভিযোগের খবর পান। পরে ট্রেন রাজশাহীতে পৌঁছালে বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়।’ তার দাবি, ‘অভিযুক্ত টিটিকে আগের একটি স্টেশনেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।’
তিনি আরও অভিযোগ করেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী অনিয়মের প্রতিবাদ করায় তাকে দুই বগির মাঝখানের স্থানে কিল-ঘুষি মারা হয়। এতে তার পায়ে আঘাত লাগে এবং চশমা ভেঙে যায়। ঘটনাটি আরও বড় দুর্ঘটনায় রূপ নিতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।’
এই সময়ে তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে চারটি দাবি পেশ করেন। তিনি বলেন, ‘আমাদের দাবি খুবই স্পষ্ট, প্রথমত ট্রেনের ঐ টিটিকে হাজির করতে হবে । দ্বিতীয়ত, তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, আমাদের শিক্ষার্থীর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং চতুর্থ এবং শেষ দাবি হলো, সকল দূরপাল্লার ট্রেন বিশ্ববিদ্যালয়ের স্টেশনে যাত্রা বিরতি দিতে হবে।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বললেন, ‘শিক্ষার্থীদের অবরোধ করায় আমাদের দুইটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেনের সিডিউল বিলম্ব হচ্ছে। ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। আমরা সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা অব্যাহত রাখছি। আশা করছি দ্রুতই সমাধান হয়ে যাবে।’