রাবি স্টেডিয়াম পরিষ্কারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে বড় পরিসরে খেলা প্রদর্শনের পর সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২২ জুলাই) সকাল ৮টার দিকে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে স্টেডিয়ামে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা স্টেডিয়ামের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করে পরিষ্কার করেন।
এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থী মো. অসীম আলী বলেন, ‘বিশ্বকাপ খেলা উপলক্ষে স্টেডিয়ামটি কিছুটা অপরিষ্কার হয়ে পড়েছিল। তাই পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের দায়িত্ববোধ থেকে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেছে। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।’
শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ শুধু স্টেডিয়ামের সৌন্দর্য রক্ষায় নয়, বরং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে অন্যদেরও উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।