‎৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানায়।

‎ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নবীন শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা ও সোনালি আশ পাটের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও আরিফা সুলতানা।

‎আরও উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

‎অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ।

ওরিয়েন্টেশনে আহ্বায়ক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এবং সকল নবীন শিক্ষার্থী।

‎পাবনা সদর (পাবনা-০৫) আসনের সংসদ সদস্য মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‎গঙ্গা ও ব্রহ্মপুত্র বিধৌত, পদ্মা ও যমুনা বিস্তৃত আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মানব জাতির ইতিহাস অনেক সময় পরিবর্তন হয়েছে ইতিহাসকে প্রভাবিত করেছে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। বিভিন্ন বিপ্লবের মধ্য দিয়ে মানব জাতির ইতিহাস পরিবর্তন হয়েছে। বাংলাদেশেও একইভাবে এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন দেশ বির্ণিমাণে এগিয়ে চলছে। এই পরিবর্তন হোক শিক্ষার্থীদের মাধ্যমে এই আশা ব্যাক্ত করি।

‎নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহা. শামীম বলেন,বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি প্রতিটি শিক্ষার্থীর কাছেই একটি নতুন দিগন্তের উন্মোচন। আর এমন একটি দিনে তাদের প্রত্যেকের হাতে একটি ছোট্ট ইনডোর প্লান্ট তুলে দিচ্ছি। কারণ, এটি সুন্দর একটি বার্তা বহন করে। এই গাছটি প্রতিটি শিক্ষার্থীকে মনে করিয়ে দেবে যে, নিজের স্বপ্নের বীজ বপন করার পর তাকে প্রতিদিন অধ্যবসায়, চেষ্টা ও শৃঙ্খলার মাধ্যমে পরিচর্যা করতে হবে।

‎তিনি আরও বলেন,চার দেয়ালের শ্রেণিকক্ষ আর বইয়ের পাতার বাইরেও আমাদের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র হলো আমাদের পরিবেশ। পড়ার টেবিলে থাকা এই ছোট্ট সবুজ প্রাণটি শিক্ষার্থীদের প্রতিনিয়ত প্রকৃতির প্রতি সংবেদনশীল হতে শেখাবে। এটি শিক্ষার্থীদের মাঝে ধৈর্য ও দায়িত্ববোধ তৈরি করবে, যা তাদের ভবিষ্যতের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

‎অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাধন।