রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত সোমবার বিকেলে সাবেক ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন শিক্ষার্থীর রাকসু কার্যালয়ে হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে রাকসু ভিপি বলেন, “আপনারা অনেকে ছাত্রলীগের পক্ষ হয়ে নিউজ করেছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এসব সাংবাদিকদের আমরা জড়ো করব এবং এ বিষয়ে ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা যেসব শব্দ ব্যবহার করেন, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনারা বলছেন, আমরা হামলা করেছি। অথচ তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত দ্বিধা করেন কেন?”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে কোনো অভিযোগ করছেন না। কিন্তু আপনারা সাংবাদিকরা বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের পড়াশোনার ২০-২৫ মিনিট সময় নষ্ট হওয়ার বিষয়টি সাংবাদিকরা বেশি গুরুত্ব দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।