রাবিতে মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. অমিত কুমার দত্ত ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান সাকিব দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে বিভাগীয় উন্নয়ন, বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালা, পুনর্মিলনী এবং সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মধ্যেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হওয়ায় এটি বিভাগের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে দেশ-বিদেশে কর্মরত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।