জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও সহিংসতামুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (৩১ জুলাই) ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়। শহীদদের আত্মত্যাগকে দলীয়ভাবে ভাগ করার সুযোগ নেই। তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। তাদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।