শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে ‘Fluent Future Language Course’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. রায়হান শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকসুর কার্যকরী সদস্য আবু তালহা।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে এবং কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে এ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাষা শিক্ষার পাশাপাশি অংশগ্রহণকারীরা সফট স্কিল উন্নয়নেরও সুযোগ পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রায়হান শরীফ বলেন, “বর্তমান বিশ্বে ভাষা দক্ষতা কেবল একটি যোগ্যতা নয়, বরং বৈশ্বিক সুযোগ গ্রহণের অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই কোর্স শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “আমাদের দেশে ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পরও অনেক শিক্ষার্থী ব্যবহারিক ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারেন না। ‘ফ্লুয়েন্ট ফিউচার ল্যাঙ্গুয়েজ কোর্স’ সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় এআই, ডিজিটাল স্কিলসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করবে জাকসু।”
গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক মাকসুদ হোসেন বলেন, “বর্তমান চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়; ভাষাগত দক্ষতা ও সফট স্কিলও সমান গুরুত্বপূর্ণ। জাকসুর সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করা সম্ভব হবে।”
আয়োজকরা জানান, জাকসুর আয়োজনে এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সহযোগিতায় পরিচালিত এই কোর্সে শিক্ষার্থীরা আধুনিক ভাষা শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের সমন্বিত প্রশিক্ষণ পাবেন।