জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ‘জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতি ইনডোর গেমস উইক-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) রাত ৮টায় হল সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আবরার আজিম ভূঁঞা। স্বাগত বক্তব্য দেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা মিষ্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকসুর ভিপি আব্দুর রহমান জিতু বলেন, “গণরুম ও গেস্টরুমের নোংরা সংস্কৃতি বিলুপ্ত হওয়ায় এবার নবাগত শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার পরিবেশ ও আবাসন সুবিধা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, “এই হলের প্রাক্তন শিক্ষার্থী ও হাউস টিউটর হিসেবে কাটানো সময় আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি। বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও হলজীবনের অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি হলে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ইতিবাচক পরিবেশ বজায় রাখার জন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “অতীতের সংঘাত, গণরুম সংস্কৃতি ও র্যাগিংয়ের মতো নেতিবাচক পরিবেশ থেকে বেরিয়ে এসে আমরা একটি নিরাপদ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। নবীনদের প্রথম দিন থেকেই আবাসন নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ অর্জন।” তিনি র্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সঠিক পরিকল্পনা ও অপচয় রোধ করা গেলে বিদ্যমান বাজেট দিয়েই অনেক উন্নয়ন সম্ভব।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তহবিল ছাড়াই হলের নিজস্ব উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে একটি আধুনিক জিমনেসিয়াম স্থাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দীন বাবর। এ সময় হল প্রশাসনের শিক্ষক, হল সংসদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।