জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে প্রায় ২৬ হাজার টাকা বাকি রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে। শুধু ওই দোকানই নয়, ক্যাম্পাসের বটতলা এলাকার আরও কয়েকটি হোটেলেও তাঁর বকেয়া রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আল-বেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী বলেন, অতীতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দোকানে বাকি রাখা কিংবা টাকা পরিশোধ না করে খাওয়ার অভিযোগ প্রায়ই শোনা যেত। গণ-অভ্যুত্থানের পর এমন ঘটনা অনেকটাই কমে এলেও জাকসুর ভিপির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে আব্দুর রশিদ জিতুর নামে প্রায় ২৬ হাজার টাকা বকেয়া রয়েছে। দোকানদারের দাবি, একাধিকবার টাকা চাইলেও এখনো তিনি তা পরিশোধ করেননি।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই চায়ের দোকানদার বলেন, “তাঁরা নেতা মানুষ। বারবার টাকা চাইলে কখন কী হয়, সেই ভয় থাকে। কিন্তু একটি ছোট চায়ের দোকানে ২৬ হাজার টাকা আটকে থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে। টাকাটা পেলে আমার অনেক উপকার হতো।”
এদিকে, বটতলা এলাকার এক হোটেল মালিকও একই ধরনের অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “আমাদের দোকানেও ভিপি ভাইয়ের কিছু বকেয়া আছে। সব হিসাব লিখে রাখা ছিল। বিষয়টি জানানোর পর তিনি কিছু টাকা পরিশোধ করেন এবং হিসাবের কাগজটি নিয়ে যান। তখন বলেছিলেন, বাকি টাকা পরে পরিশোধ করবেন। কিন্তু এখনো পর্যন্ত আর টাকা দেননি। হয়তো তিনি ভুলে গেছেন, জানি না আসলে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রশিদ জিতুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।