মাভাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে সাজ্জাদ ও হাসিব

মাভাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে সাজ্জাদ ও হাসিব

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সভাপতি এবং এফটিএনএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিদুল হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. সাজ্জাদ হোসেন বলেন, “ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করতে আমাদের এই বিশেষ পথচলা। মাভাবিপ্রবির বুকে বৃহত্তর নোয়াখালী থেকে আগত ভাই-বোনদের নিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের যাত্রা। বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে আঁকড়ে ধরে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমার ভাই-বোনদের যেকোনো সমস্যা সমাধানে আমি, আমার সংগঠন এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সর্বদা পাশে থাকার চেষ্টা করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিদুল হাসিব বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার প্রধান লক্ষ্য। এই পথচলায় আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় বড় ভাই, বন্ধু ও স্নেহের জুনিয়রদের সহযোগিতা ও সমর্থন পাব—এই আশাবাদ ব্যক্ত করছি।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় কাজ করবে।

উল্লেখ্য, ৩ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা শিক্ষকবৃন্দের অনুমোদনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের এ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।