জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য : জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য। এই ঐক্য অটুট রাখুন, কাউকে বিচ্ছিন্ন করবেন না। সার্বভৌমত্ব ও দেশপ্রেমের প্রশ্নে কখনো আপস করবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক জুলাইয়ের চেতনাকে ধারণ ও বিকাশের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক কেন্দ্র।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “একটি বিজয় তখনই প্রকৃত অর্থে মহিমান্বিত হয়, যখন পরাজিতরা বিজয়ীর হাতে নিরাপদ থাকে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা প্রতিশোধের নয়; বরং ভ্রাতৃত্ব, সহাবস্থান ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার। তাই বিজয়কে অর্থবহ করতে হলে পরাজিতের প্রতিও ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।”

উপাচার্য আরও বলেন, মানুষ খুব দ্রুত অতীত ভুলে যায়। অথচ আনাস, ইয়ামিন, শ্রাবণ, গাজী, আলিফ, সিয়ামসহ যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়া উচিত নয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে স্মরণীয় করে রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সেই আত্মত্যাগ ধারণ করতে হবে।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় অর্জন হলো ভিন্ন মতাদর্শের ছাত্রসংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান। মতভেদ থাকতে পারে, কিন্তু বিভাজন ও হানাহানি নয়—এটাই জুলাইয়ের শিক্ষা।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের আর লাঠি বা ইটের খোয়া হাতে নেওয়ার প্রয়োজন নেই। এখন হাতে তুলে নিন কলম। জুলাইকে ধারণ করে গান, নাটক, চলচ্চিত্র ও সাহিত্য সৃষ্টি করুন, যাতে আগামী প্রজন্মও এই ইতিহাস থেকে প্রেরণা পায়।”