‘তুমি অভিযোগ দাও, তদন্ত করব’— ভিপি ইস্যুতে সাংবাদিককে জাবি উপ-উপাচার্য

‘তুমি অভিযোগ দাও, তদন্ত করব’— ভিপি ইস্যুতে সাংবাদিককে জাবি উপ-উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক অভিযোগে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরং এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম সাংবাদিককেই লিখিত অভিযোগ দিতে বলেন।

জাকসু ভিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দোকানে বকেয়া রাখা, ছাত্রলীগ-সংশ্লিষ্ট এক শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়া, গালিগালাজ এবং বৈধ ছাত্রত্ব নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পরও প্রশাসন কেন তদন্ত করছে না—এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, “কোথায় অভিযোগ? আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ ছাড়া তদন্ত কমিটি গঠন করা যায় না।”

তিনি আরও বলেন, “ভিপির বিরুদ্ধে দোকানে বাকি রাখার খবর আমি তোমার কাছ থেকেই প্রথম শুনলাম। আমি এ বিষয়ে কোনো সংবাদ দেখিনি। সংবাদ থেকে তথ্য পাওয়া যায়, কিন্তু তদন্ত কমিটি গঠন করা যায় না। তুমি লিখিত অভিযোগ দাও, তাহলে তদন্ত কমিটি গঠন করা হবে। তখন তুমি জানতে চাইবা তার নামে অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী বিচার করছে। লিখিত কোনো অভিযোগ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করে না।”

তবে প্রশাসনের এই অবস্থানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আরেকটি সিদ্ধান্তের অসঙ্গতি দেখা গেছে। গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে অনিয়মের অভিযোগের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

ওই তদন্ত কমিটি কীভাবে গঠন করা হয়েছিল জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, “কোনো লিখিত অভিযোগ ছাড়া এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য এ তদন্ত কমিটি গঠন করে।”

অর্থাৎ একদিকে উপ-উপাচার্য বলছেন, লিখিত অভিযোগ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত করে নাG অন্যদিকে রেজিস্ট্রার জানিয়েছেন, লিখিত অভিযোগ ছাড়াই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক একটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে জাকসু ভিপির বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হলেও সেসব বিষয়ে এখনো কোনো তদন্ত শুরু হয়নি। ফলে তদন্ত কমিটি গঠনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতির সামঞ্জস্য ও একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।