জাকসু নেতাদের হলে থাকার বিশেষ সুবিধা চায় না খোদ জাকসু, বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে জাকসু। একই সঙ্গে বিতর্কিত এই প্রজ্ঞাপন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

রোববার (৯ আগস্ট) জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়।

জাকসুর প্রতিনিধিরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মের বাইরে গিয়ে জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের জন্য বিশেষ আবাসিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কোনো ব্যক্তি বা নির্দিষ্ট প্রতিনিধি দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।

তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের জন্য যে আবাসিক নীতিমালা প্রযোজ্য, জাকসু প্রতিনিধিদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকতে হবে। বিশেষ সুবিধার এই প্রজ্ঞাপন বহাল থাকলে তা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের মধ্যে সমতার নীতিকে প্রশ্নবিদ্ধ করবে। তাই সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রজ্ঞাপনটি বাতিল করা প্রয়োজন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে বিষয়টি উত্থাপন করেছেন, তা আগামী প্রশাসনিক সভায় আলোচনা করা হবে। প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করা হবে এবং আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও হলে থাকার এই সুযোগ নিয়ে ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় এবার জাকসু নিজেই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানাল।