ইবির ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির নেতৃত্বে সুজন ও আরাফাত

ইবির ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির নেতৃত্বে সুজন ও আরাফাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন সচেতনতা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান সুজন এবং সাধারণ সম্পাদক হিসেবে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুল ইসলাম আরাফাত মনোনীত হয়েছেন।

আজ রোববার (৯ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা তামান্না ইসলাম ও সাবেক সভাপতি মো. তুহিন বাবু স্বাক্ষরিত এর বিজ্ঞাপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপ্তি সূত্রে জানা যায়, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সাথে পরামর্শক্রমে গঠণতন্ত্র মোতাবেক আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টামন্ডলী বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

দায়িত্ব পেয়ে নতুন সভাপতি নাঈমুর রহমান সুজন বলেন, ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে আইনী সচেতনতা ছড়িয়ে দিয়ে এবং আলোকিত মানুষ গঠনের মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক সমাজ নির্মাণে সক্ষম হব।

নব্য কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম আরাফাত বলেন, ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠন শুধু আইনজ্ঞান ছড়িয়ে দিচ্ছে না, বরং মানুষকে ন্যায়বিচার, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করছে। আমি সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। সকলে মিলে এগিয়ে গেলে এই যাত্রা হবে আরও অর্থবহ।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি’ নামক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তরুণ-তরুণীদের মাঝে আইন বিষয়ক সচেতনতা তৈরি করতে এই সংগঠন কাজ করে চলেছে। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে তাদের আইনের প্রতি সচেতনতা ও মূল্যবোধ এবং আত্মিক উন্নয়ন মূলক কাজ করে থাকে।