রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার-সংক্রান্ত প্রস্তুতিতে সহায়তা এবং দেশ-বিদেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মো. ওয়াজের।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনটির ১৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আবু হুরায়রা ইমাদ ও মাহমুদুল হাসান ভূঁইয়া। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফারহান লাবিব।
এ ছাড়া ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আদনান সাদিক কৌশিক, সাংগঠনিক সম্পাদক দীপজয় দে ও নয়ন চন্দ্র দেবনাথ, দপ্তর সম্পাদক সাদিকা ইয়াসমিন আশা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহফুজ আহমেদ, গণমাধ্যম ও প্রচার সম্পাদক মো. শিহাব হাসান, দক্ষতা উন্নয়ন ল্যাব সমন্বয়কারী সানজিদা ইসলাম সুরভী এবং সহকারী দক্ষতা উন্নয়ন ল্যাব সমন্বয়কারী কামিয়াব মাহবুব দায়িত্ব পেয়েছেন।
গবেষণা ও বিশ্লেষণ সম্পাদক নাজিফা তাসকিন, সহকারী গবেষণা ও বিশ্লেষণ সম্পাদক কাফিয়া ইয়াসমিন, যোগাযোগ সম্পাদক মনিরা খাতুন, সহকারী যোগাযোগ সম্পাদক ওংকাইজাই মারমা, সৃজনশীল বিষয়ক সম্পাদক মো. ওবায়দুর রহমান উৎস এবং সহকারী সৃজনশীল বিষয়ক সম্পাদক মো. মাহফুজ।
উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে অবহিত করা, প্রয়োজনীয় প্রস্তুতিতে সহায়তা এবং ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, এর ২০০-এর বেশি অ্যালামনাই বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। সাবেক সদস্যরা নিয়মিত বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন মিটিং, ওয়েবিনার ও বিভিন্ন জ্ঞানভিত্তিক সেশনে অংশ নিয়ে উচ্চশিক্ষা, গবেষণা, স্কলারশিপ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিয়ে থাকেন।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশ-বিদেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় তথ্য, দক্ষতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সম্ভাবনা বিকাশে কাজ করছে সংগঠনটি।