হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১১৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৯ জন শিশু।
আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হাম-বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া চার শিশুর শরীরেই হামের উপসর্গ ছিল। তবে নিশ্চিতভাবে শুধু হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য মেলেনি।
এই চারজনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৮৯৪ শিশুর প্রাণহানি ঘটেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৭২ জন রোগী। এই একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের দেহে। এই সময়ে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।