পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একাডেমিক ভবন-২ ও একাডেমিক ভবন-৩-এ অধিকাংশ বিভাগের নামফলক না থাকায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন শ্রেণির মানুষ। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভাগ খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ ও একাডেমিক ভবন-৩—দুটিই ১২ তলা বিশিষ্ট। ভবন দুটিতে বর্তমানে সর্বমোট ১৭টি বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এসব বিভাগের অধিকাংশেরই বিভাগের নাম সংবলিত দৃশ্যমান কোনো নামফলক নেই। ফলে নতুন শিক্ষার্থী কিংবা বাইরে থেকে আসা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট বিভাগ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
নবীন শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যাটি আরও প্রকট। নতুন ক্যাম্পাসে এসে অনেকেই নির্দিষ্ট বিভাগের অবস্থান সম্পর্কে না জানায় এক ভবনের বিভিন্ন তলায় ঘুরে বেড়াতে হয়। অনেক সময় অন্য শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারীদের কাছে জিজ্ঞাসা করে প্রয়োজনীয় বিভাগ খুঁজে নিতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, প্রতিটি বিভাগের প্রবেশপথে স্পষ্ট ও দৃশ্যমান নামফলক থাকলে বিভাগ শনাক্ত করা সহজ হতো। বিশেষ করে ভর্তি, পরীক্ষা, প্রশাসনিক কাজ কিংবা বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন ক্যাম্পাসে আসা নতুন ব্যক্তিদের ভোগান্তি অনেকটাই কমে যেত।
এ বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত একাডেমিক ভবন-২ ও ভবন-৩-এর প্রতিটি বিভাগের প্রবেশপথে দৃশ্যমান ও মানসম্মত নামফলক স্থাপনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবনের বিভিন্ন তলায় বিভাগগুলোর অবস্থান নির্দেশ করে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানান তারা।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী তালহা বলেন, ‘আমরা দ্বিতীয় বর্ষে পড়ছি, তাই বিভাগে আসা-যাওয়া আমাদের জন্য স্বাভাবিক হলেও নতুন শিক্ষার্থীদের জন্য বিষয়টি বেশ বিভ্রান্তিকর। অধিকাংশ বিভাগের মতো আমাদের সিএসই বিভাগেরও কোনো দৃশ্যমান নামফলক নেই। ফলে নতুন শিক্ষার্থী বা বাইরে থেকে কেউ আসলে বিভাগটি খুঁজে পেতে অন্যদের সাহায্য নিতে হয়। প্রতিটি বিভাগের প্রবেশপথে স্পষ্ট ও মানসম্মত নামফলক থাকলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত নামফলক স্থাপনের দাবি জানাই।’
