বঙ্গোপসাগরে জাহাজডুবি বাংলাদেশিসহ ২২ নাবিকের খোঁজ এখনো মেলেনি

বাংলাদেশিসহ ২২ নাবিকের খোঁজ এখনো মেলেনি

বঙ্গোপসাগরে জাহাজডুবি : বাংলাদেশিসহ ২২ নাবিকের খোঁজ এখনো মেলেনি

ভারতের উড়িষ্যা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ২২ নাবিকের। এর মধ্যে এক জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় কোস্টগার্ড ও চীন।

গত শনিবার রাতে ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দূরে হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। ৭২ হাজার টনের বেশি লৌহ আকরিক বা আয়রন ওর নিয়ে ওড়িশা থেকে চীনের দিকে যাওয়ার পথে জাহাজটি আকস্মিকভাবে একপাশে কাত হয়ে যায় এবং মাত্র আট মিনিটের মধ্যে সমুদ্রে তলিয়ে যায়।

জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবারেও উদ্ধার অভিযানে বড় কোনো খোঁজ মেলেনি। এ দিন ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে একটি লাইফবোট ও একটি জরুরি বিপদসংকেত পাঠানোর যন্ত্র (ইপিআইআরবি) উদ্ধার করে কোস্টগার্ডের জাহাজ ‘আইসিজিএস ভারদ’। নৌবাহিনীর একটি বিমান আকাশ থেকে প্রথমে সংকেতটি দেখতে পায়। পরে কোস্টগার্ডের দলটি লাইফবোটের ভেতর তল্লাশি চালালেও সেখানে কোনো নাবিককে পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানে ভারতের পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছে চীনও। বেইজিংয়ের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুসন্ধান কার্যক্রম আরও দ্রুত করতে চীন দুটি বাণিজ্যিক জাহাজও পাঠিয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, এমভি ওশান উইনার নামের ওই জাহাজটির ২৪ জন নাবিকের মধ্যে ২০ জনই চীনের নাগরিক (যাদের দুজন বেঁচে ফিরেছেন)। এ ছাড়া মিয়ানমারের তিনজন এবং বাংলাদেশের একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের খুঁজে বের করতে কোস্টগার্ডের জাহাজ, বিমান ও আশপাশের বাণিজ্যিক জাহাজগুলো দিয়ে বঙ্গোপসাগরের বিশাল এলাক জুড়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।