জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় ১০৯ দিন পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি সম্পর্কে অবগত নন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন। দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পার হলেও মামলাটির অগ্রগতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কারও সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
ঢাকা মনিটর ২৪ এর পক্ষ থেকে মামলাটির বর্তমান অগ্রগতি এবং আন্দোলনকারীদের ছয় দফা দাবির বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি ওই ঘটনার কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মামলাটির অগ্রগতি সম্পর্কেও তাঁর কাছে কোনো তথ্য নেই।
তিনি বলেন, “আমি আসার পর এই ঘটনার কোনো কার্যক্রমের সঙ্গে আমি জড়িত ছিলাম না। মামলাটির কোনো অগ্রগতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও সঙ্গে আমার আলোচনা হয়নি। আমি আসার পর এই ঘটনার কোনো অগ্রগতি নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়নি।”
তবে আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাড়াও নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং জরুরি সহায়তা নম্বর চালুর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর।
নারী নিরাপত্তাকর্মী নিয়োগের বিষয়ে প্রক্টর বলেন, নিয়োগের বিজ্ঞপ্তির সময়সীমা একবার বাড়ানো হয়েছিল এবং সেটিও শেষ হয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেকোনো সময় রেজিস্ট্রার নিয়োগের তারিখ ঘোষণা করতে পারেন। কাছাকাছি সময়ের মধ্যেই এই নিয়োগ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জরুরি সহায়তা নম্বর চালুর বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্রুত প্রতিক্রিয়া দলের একটি নম্বর চালু রয়েছে। এটিকে জরুরি সহায়তা নম্বর হিসেবে প্রচার-প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের জানাতে হবে, যাতে প্রয়োজনের সময় সবাই নম্বরটি ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগের পর শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন। ঘটনার ১০৯ দিন পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের অবগত না থাকার বিষয়টি প্রশাসনের কার্যক্রম ও সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছে।
