বিবিসির রিপোর্ট : নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৭৯৪
নেপালে ভয়াবহ দুর্যোগ ও পাহাড়ি ঢলে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই বিপর্যয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত উদ্ধার করা মরদেহের হিসাব তুলে ধরে এই তথ্য জানিয়েছে নেপাল পুলিশ।
কর্তৃপক্ষের আশঙ্কা, সর্বশেষ এই হিসাব ছাপিয়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ দুর্গম পাহাড়ি এলাকা ও বিভিন্ন জনপদে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ধ্বংসস্তূপে আটকে থাকা বা নিখোঁজ থাকা মানুষদের খুঁজে বের করতে দিনরাত কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক জায়গায় উদ্ধারকাজ চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। ফলে সামগ্রিক পরিস্থিতিতে হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।
