বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এই দলটির জন্ম একটি যুগান্তকারী ঘটনা। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা হরণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন।

তারেক রহমান তার বাণীতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার সুদৃঢ় নেতৃত্বে দলটিকে দেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিয়েছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন অবসানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি জনকল্যাণমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঁচ দিনের কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এর অংশ হিসেবে আজ সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং ফাতেহা পাঠ করবেন।

এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বর বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশের পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ ও জলাশয়ে মৎস্য অবমুক্তকরণের মতো কর্মসূচিও পালন করা হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়েও নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে।