রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৪৪২ জন
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের চালানো এই অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, উত্তরা ও ওয়ারী বিভাগে ৫০ জন করে, লালবাগ বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩২ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সাঁড়াশি এই অভিযানে অপরাধীদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
