জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্তকরণ ও ফুটপাত নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয়করণ ও একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের প্রতি পক্ষপাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। তবে অনুষ্ঠানে শুধু ছাত্রদলের নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। এর প্রতিবাদে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দের অভিযোগ, কাগজে-কলমে এটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান হলেও বাস্তবে এতে প্রশাসনের বাইরে মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও ছাত্রশিবিরের কোনো প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
তাদের আরও অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতুকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনাকে প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে সমতা রক্ষা না করার উদাহরণ হিসেবে দেখছেন তারা।
ছাত্রশিবিরের নেতারা বলেন, ‘প্রশাসনের একটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানকে দলীয় কর্মসূচিতে পরিণত করা হয়েছে। যেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হলেও বক্তব্য প্রদানের ক্ষেত্রে সমতা রাখা হয়নি। প্রশাসনের অনুষ্ঠান দলীয়করণ ও সরকারদলীয় ছাত্রসংগঠনের প্রতি পক্ষপাতের অভিযোগে আমরা সভা থেকে ওয়াকআউট করেছি।’
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রোগ্রামে জাকসু নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমতা রক্ষা করা উচিত ছিল। কিন্তু এতে দলীয়করণ ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হওয়ায় জাকসু নেতৃবৃন্দ ও ছাত্রশিবির ওয়াকআউট করেছে।”
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।