ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে প্রতারক চক্রের দুই সদস্য
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির লোভ দেখিয়ে এবং বেশি মুনাফার প্রলোভন দিয়ে প্রায় ৯৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় চক্রের দুই সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।
গ্রেফতার দুজন হলেন—মো. জুলহাস উদ্দিন (৩৯) এবং প্রহড় (২৮)। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট অনলাইন প্রতারক চক্রের একটি টেলিগ্রাম আইডি থেকে ‘জেলেস জুয়েলারি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়। ভুক্তভোগী মেহেদী হক লিয়ন ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে চাকরিতে আগ্রহ প্রকাশ করলে প্রতারকরা একটি ফিশিং লিংকের মাধ্যমে তাকে একটি ভুয়া ওয়েবসাইটে যুক্ত করে।
এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে তার কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি। এই ঘটনায় ভুক্তভোগী মেহেদী হক লিয়ন গত ৩ জানুয়ারি পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।