১২ মামলার আসামি কৃষকদল নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও স্থানীয় কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে আটকের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি এবং তিনি বারদীর মান্দারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে স্থানীয় কৃষকদল নেতাদের ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, আগের একটি ডাকাতি মামলার পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সে বিষয়ে তার জানা ছিল না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, একটি ডাকাতি মামলার পরোয়ানা থাকায় গোয়েন্দা পুলিশ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। সোমবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।