জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম সরকারকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাঁকে স্বপদে পুনর্বহাল না করলে ঢাকার রাজপথ দখল করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যানারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল রহমানকে তাঁরা প্রত্যাখ্যান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোষণ থেকে মুক্তির লক্ষ্যে নতুন বিশ্ববিদ্যালয়টির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, শুরু থেকেই তাঁদের দাবি ছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে নিয়োগ দিতে হবে।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে এই মাইগ্রেশন প্রক্রিয়া শতভাগ সফল না করার বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাঁরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম সরকারকে স্বপদে পুনর্বহাল চান।
বিজ্ঞপ্তির শেষাংশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি পূরণ না হলে ঢাকার রাজপথ দখল করে অধিকার আদায় করে নেওয়া হবে।