ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড ফিউচার প্লানিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমি ভবনের ৪৩৫ নং রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড. আরিফুল ইসলামের সঞ্চালনায় অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইকোনমিকস ক্লাবের সভাপতি ড. আব্দুল জলিল পাঠান, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইকোনমিকস বিভাগের সাবেক সফল শিক্ষার্থী সুরভী খন্দকার, শাকিল আহমেদ, মো. সাগর হোসেন, সোহাগ হোসাইন, মো. ইসমাইল হোসেন সহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এসময় সাবেক সফল শিক্ষার্থীরা বিভাগের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভালো ক্যারিয়ার গোছাতে নানান দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শিক্ষার্থীর জন্য শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি সঠিক ক্যারিয়ার পরিকল্পনা দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তবমুখী প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরি, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, গবেষণা, উন্নয়ন সংস্থা, কর্পোরেট খাত, উদ্যোক্তা কার্যক্রম এবং উচ্চশিক্ষাসহ নানা ধরনের ক্যারিয়ারের সুযোগ রয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের আগ্রহ যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে সচেতন হতে হবে এবং একটি সুপরিকল্পিত ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে হবে।”
ইকোনমিকস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান বলেন, “কোভিড-১৯, বিশ্বময় সংঘাত ও বাংলাদেশের রাজনীতির বিবর্তনের বাস্তবতায় এবং বিশ্বব্যাপি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সক্ষম করে তুলতে বিভাগের এবং অর্থনীতি ক্লাবের সমন্বয়ে নেয়া ধারাবাহিক শিক্ষার্থীবান্ধব কর্মসূচীর অংশ হিসেবে ক্যারিয়ার গাইড বিষয়ক সেমিনারটি একটি নতুন সংযোজন যা শিক্ষার্থীদের নতুন নতুন চ্যালেঞ্জ নিতে সক্ষম করে তুলবে।”
ইকোনমিকস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শাহ বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। সেই স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধারাবাহিক প্রস্তুতি এবং কঠোর পরিশ্রম। আজকের সম্মানিত বক্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের সেই পথকে আরও সুস্পষ্ট করবে।”