জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে এক দুষ্কৃতিকারী। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত উপাচার্যের ছবি ব্যবহার করে জনৈক ব্যক্তি বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছেন। তবে ব্যবহৃত নম্বরটি উপাচার্যের নয়। অসৎ উদ্দেশ্যে ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের জন্য তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে কাউকে বিভ্রান্ত না হতে এবং উল্লিখিত নম্বর থেকে আসা কোনো অনুরোধ বিশ্বাস না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য।