চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে বাংলাদেশ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এই অঙ্কটি প্রায় ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা ছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশের বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পরিশোধ করা মোট অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা) দেওয়া হয়েছে। এ ছাড়া সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
এদিকে আলোচ্য সময়ে বিদেশি বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার ঋণের অর্থ ছাড় পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জুলাই-আগস্ট সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের নতুন ঋণ প্রতিশ্রুতিও পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।